ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:১২ এএম নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তার সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত একটি ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

সেনাপ্রধান বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা আমাদের রয়েছে। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—সবাই এই নির্বাচন সফল করতে আগ্রহী। এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের চেষ্টা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিছু অপরাধী গোষ্ঠী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ভোটের দিন এ ধরনের অপতৎপরতা সর্বত্র ছড়িয়ে পড়বে না বলে তিনি মন্তব্য করেন।

একই কর্মসূচিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। তিন বাহিনীর প্রধান একসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Side banner
Link copied!