পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, নগদ অর্থ ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টা ৩৪ মিনিট থেকে ভোর ৫টা ৫৩ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নাজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে উপজেলার ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর গ্রামে, কালিবাড়ি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে জয়পুর গ্রামের মৃত দেবেন মালী’র পুত্র শুকলাল মালী এবং একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বেপারীর পুত্র শিপুল বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
৭৯২ গ্রাম গাঁজা,
নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা,
২টি স্মার্টফোন,
১টি ডিজিটাল মিটার
এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম।
এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া বলেন,
মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে আটককৃত দুই আসামি ও উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :