ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে রমজানের শুরুতেই উত্তপ্ত বাজার

জেলা প্রতিনিধি, রাজশাহী | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:১৫ পিএম রাজশাহীতে রমজানের শুরুতেই উত্তপ্ত বাজার

পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই রাজশাহ্যী কাঁচাবাজারে যেন ‘আগুন’ লেগেছে। ইফতার ও সেহরির প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম এক লাফে বেড়ে গেছে অনেকটা। বিশেষ করে মাছ এবং সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।
মাছের বাজারে অস্থিরতা

 

রমজানের আগে মাছের দাম কিছুটা সহনীয় থাকলেও রোজা শুরু হতেই চিত্র বদলে গেছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা মাছগুলোর দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

সিলভার কার্প: আগে ১২০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪০ টাকা। মিরকা (মৃগেল): ১৬০ টাকার মাছ বর্তমানে ১৮০ টাকায় ঠেকেছে। তেলাপিয়া: সবচেয়ে বেশি বেড়েছে তেলাপিয়া মাছের দাম। আগে ১৪০ টাকায় পাওয়া গেলেও এখন গুনতে হচ্ছে ১৮০ টাকা।

 

ইফতারের অপরিহার্য অনুষঙ্গ বেগুন ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। সাধারণ সবজির বাজারেও স্বস্তি নেই। ৬০ টাকার বেগুন এখন ৮০ টাকা। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা লেবুর বাজারে। হালিপ্রতি যে লেবু আগে ২০ টাকায় পাওয়া যেত, ইফতারের চাহিদাকে পুঁজি করে তা এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা এবং আলু ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে।  শিম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বাজারে আসা নগরীর সপুরা এলাকার নুরুল ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছেন, রমজান এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, আড়ত থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না থাকলে রমজানের বাকি দিনগুলোতে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।

Side banner
Link copied!