বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কোনো অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে কাজ শুরু করাই সরকারের মূল লক্ষ্য। নির্বাচনকালে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের প্রক্রিয়া এখনই শুরু হবে।
রমজান মাস সামনে রেখে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের স্পষ্ট বার্তা দিয়েছেন উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকার একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে অঙ্গীকারবদ্ধ।
১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
রমজানকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :