ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের ৪১৮ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু, নজিরবিহীন নিরাপত্তা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৫১ পিএম পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের ৪১৮ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু, নজিরবিহীন নিরাপত্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।

 

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তিনটি আসনে মোতায়েন করা হয়েছে ৮০০ সেনাসদস্য, ১,৬০০ পুলিশ সদস্য, র‍্যাবের ৬৫টি পেট্রোল টিম, ৪৩৬ বিজিবি সদস্য, ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্যসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত উপস্থিতি নির্বাচনকে ঘিরে বাড়তি আস্থা তৈরি করেছে।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পিরোজপুরবাসী শান্তিপূর্ণ ও সুন্দর একটি নির্বাচন উপভোগ করতে পারবেন।

 

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের আওতাধীন ৭টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন এবং নারী ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন। মোট ৪১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনটি আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুলিশ সুপার জানান, সিসিটিভি নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কাছে ২৬৬টি বডি-ওয়ার্ন ক্যামেরা থাকবে, যা মাঠপর্যায়ে দায়িত্বপালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

Side banner
Link copied!