ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:৩০ পিএম শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া স্বাভাবিক হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত শীর্ষ অগ্রাধিকার না পায়, তাহলে তা উদ্বেগজনক। “আমাদের আগে ঠিক করতে হবে—আমরা কী ধরনের রাষ্ট্র ও নাগরিক গড়তে চাই,” বলেন তিনি।


শিক্ষামন্ত্রী জানান, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ কম। নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও কম বরাদ্দের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে জিডিপির প্রায় দুই শতাংশের কাছাকাছি থাকা শিক্ষাবাজেট ধাপে ধাপে ৫ থেকে ৬ শতাংশে উন্নীত করা প্রয়োজন বলেও মত দেন তিনি।

পাঠ্যক্রম বা কারিকুলাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতেও পাঠ্যসূচিতে পরিবর্তন এসেছে এবং তা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেকোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের ভিত্তিতে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।


সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষায় শৃঙ্খলা ও নকল বন্ধের বিষয়ে আলোচনার প্রসঙ্গ টেনে এহছানুল হক মিলন বলেন, তার লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করা। “বাংলাদেশের শিক্ষা ও গবেষণাকে এমন পর্যায়ে নিতে চাই, যাতে উন্নত দেশগুলোও আমাদের মূল্যায়ন করে,” বলেন তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। সম্মিলিত উদ্যোগে অল্প সময়ের মধ্যেই শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।


 

 

Side banner
Link copied!