ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জ রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, বিএনপির দুই কর্মী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | মার্চ ২, ২০২৬, ০৬:৫৮ পিএম সিরাজগঞ্জ রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, বিএনপির দুই কর্মী নিহত

সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আব্দুস সালাম (৫৫), তিনি ওই এলাকার ময়দান আলীর ছেলে এবং ইসমাইল হোসেন (৮০), তিনি একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সিদ্দিকের সঙ্গে প্রতিপক্ষ আসমত আলী গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল টানাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন।
গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী জানান, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। 

Link copied!