ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | মার্চ ২, ২০২৬, ০৬:৪৬ পিএম ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত জানান, সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার অদূরে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ তারেক (৪৮) প্রাণ হারান। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত তারেক বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত ছিলেন। ডিউটির সময় ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।


বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।


এদিকে সংযুক্ত আরব আমিরাতেও হামলার ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, কুয়েতে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। আহতরা বেসামরিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ছিলেন। চিকিৎসা শেষে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
 

Link copied!