পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এক সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তাররা হলেন নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের কবির শেখের ছেলে রাজিব শেখ (২৫) এবং একই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে রেজাউল (৪০)। রেজাউল স্থানীয় একটি নৈশ স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়ার মাধ্যমে অর্জিত ছয় লাখ ৩১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব ও রেজাউলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দ্বন্দ্ব চরমে পৌঁছালে বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অর্থ অনলাইন জুয়ার লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট। জব্দকৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একজন শিক্ষক হয়ে এমন অবৈধ ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, শিক্ষক সমাজের নৈতিক পথপ্রদর্শক; তাদের কাছ থেকে এমন কর্মকাণ্ড সমাজে নেতিবাচক বার্তা দেয়।
নাজিরপুর থানা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, “আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। সাইবার মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোরতা অব্যাহত থাকবে।

