ফরিদপুরের নগরকান্দা বাজারে ব্যবসায়ীদের কথিত সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
রমজানকে সামনে রেখে চাল, ডাল, তেল, চিনি, আটা-ময়দাসহ বিভিন্ন পণ্যের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কাঁচাবাজারে আলু, পটল, বেগুনসহ বিভিন্ন সবজির দাম প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
বিদেশি খেজুর চড়া দামে বিক্রি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও কিনতে পারছেন না।
মাছ ও মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে পণ্যের মূল্যতালিকা টানানো নেই। নির্ধারিত সরকারি মূল্যও মানছেন না অনেক ব্যবসায়ী। ফলে ক্রেতাদের নিরুপায় হয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।
একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজারের সব পণ্যের দাম বেড়েছে। বাড়ি থেকে যে টাকা নিয়ে আসি, তা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হয় না।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও জোরালো মনিটরিং অভিযান পরিচালিত না হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সচেতন মহল বলছে, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি পেতে।

