ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আয়ের শীর্ষে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক | এপ্রিল ১৫, ২০২৬, ০১:১৭ পিএম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে আয়ের শীর্ষে ‘ধুরন্ধর’

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই সিরিজ।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ প্রথম কিস্তিতেই ব্যাপক সাড়া ফেলে। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ছবিটি বিশ্বব্যাপী ১,৩০৭ কোটি টাকা আয় করে। এর ধারাবাহিকতায় গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আরও বড় সাফল্য পায়, যা এখন পর্যন্ত আয় করেছে ১,৭১২ কোটি টাকা।

দুটি কিস্তি মিলিয়ে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় দাঁড়িয়েছে ৩,০১৯ কোটি টাকা- যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এসএস রাজামৌলির ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন শীর্ষে ছিল, যার মোট আয় ছিল ২,৪৩৮ কোটি টাকা।

অন্যদিকে, আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির আয় ২,২২১ কোটি এবং ইয়াশ অভিনীত ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির আয় ১,৪৫৩ কোটি টাকা।‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তির বিপুল সাফল্যের কারণে সিক্যুয়েল মুক্তির সময় বড় কোনো তারকার সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হয়নি। বরং রণবীর সিংয়ের প্রভাবেই ইয়াশের ‘টক্সিক’, ‘পেড্ডি’, ‘দ্য প্যারাডাইস’ ও ‘ডাকাত’-এর মতো বড় বাজেটের ছবিগুলোর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে, বক্স অফিসে আধিপত্য বিস্তার করে নতুন এক মাইলফলক স্থাপন করল ‘ধুরন্ধর’।

কালের সমাজ/এসআর

Link copied!