চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে মেরামতাধীন একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ এবং পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। এর মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনকাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন ধরে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এপি জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ (Ocean Melody) হিসেবে শনাক্ত করা হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল।
বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় কোম্পানির অধীন।
কালের সমাজ/কে.পি

