আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিতে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চিঠির কোনো উত্তর আসবে—এমনটা আমি আশা করিনি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি না আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাবে। আমাদের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আমার ধারণা, দলটি আবার রাজনীতিতে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে।”
সাবেক এই উপদেষ্টা জানান, দায়িত্ব পালনকালে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে তা থেকে বিরত রাখা হয়।
তিনি বলেন, “আমি তিনবার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল, এতে অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে।”
নির্বাচনের ঠিক তিন দিন আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “এতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রী সামান্যতমও জড়িত ছিল না। এটি পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।”
জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপস্টেট’ সক্রিয় ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিপস্টেট পৃথিবীর প্রায় প্রতিটি বড় ঘটনার সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িত থাকে।”
কালের সমাজ/কে.পি

