ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | মে ৩০, ২০২৬, ১২:০৭ পিএম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। এ উপলক্ষে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

এরপরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

No photo description available.

কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে।

May be an image of one or more people, people performing martial arts and text

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আলাদা ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাও লক্ষ্য করা যায়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ধারাবাহিকভাবে ঢাকার আরও কয়েকটি স্থানে আয়োজিত এসব কর্মসূচিতেও উপস্থিত থাকার কথা রয়েছে তার।

কালের সমাজ/এসআর

Link copied!