ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৌসুমি বায়ুর বিস্তার

দেশের অর্ধেক এলাকায়, আজও বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | জুন ১০, ২০২৬, ১০:৪০ এএম দেশের অর্ধেক এলাকায়, আজও বৃষ্টির সম্ভাবনা
সংগৃহীত ছবি

দেশের প্রায় অর্ধেক এলাকায় মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে। তবে পশ্চিম দিক থেকে আসা লঘুচাপজনিত বাতাসের প্রভাবে মৌসুমি বায়ু এখনো স্বাভাবিক রূপে সক্রিয় হতে পারেনি। এরপরও আজ বুধবার দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে জানান, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের তুলনায় আজ বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

গতকাল রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় এক ডিগ্রি কম। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজও রাজধানীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকতে পারে এবং দুপুরের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছর স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ পর দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। বর্তমানে এটি চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে বিস্তার লাভ করেছে। ফলে দেশের প্রায় অর্ধেক এলাকা এখন মৌসুমি বায়ুর প্রভাবে রয়েছে।

বাংলাদেশে মোট বার্ষিক বৃষ্টিপাতের ৮০ শতাংশের বেশি মৌসুমি বায়ুর কারণে হয়ে থাকে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টি হতে পারে। যদিও এর আগে উষ্ণ এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
কালের সমাজ/এএইচবি

Link copied!