ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মধুখালী উপজেলার মধুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামাদ খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত সামাদ খান মধুখালী উপজেলার মধুপুর এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে।
র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাবের তথ্যমতে, সামাদ খানের বিরুদ্ধে মধুখালী থানায় দুটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এ বিষয়ে র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
কালের সমাজ/এসআর

