ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার আসামি মো. জাফর আহমেদ বাবুকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গৌরীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বাজার পশ্চিম লাইনের বাসিন্দা ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৮) গত ৫ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌর শহরের ঢুলিপাড়া এলাকার মাহফুজ ‘স’ মিলের সামনে মোটরসাইকেল রেখে কাজ দেখতে যান। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার পথরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বপন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মধ্য বাজার পশ্চিম লাইনের বাসিন্দা মো. জাফর আহমেদ বাবু (৩৫) এবং পূর্ব কালিপুর (রিক্সাপট্টি) ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহান (৩০)-কে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযান চালিয়ে ৬ জুন রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গৌরীপুর ইউনিয়নের সাতুতি এলাকায় হানিফ মেম্বারের বাড়ির সামনে থেকে মো. জাফর আহমেদ বাবুকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা নং-০৭, তারিখ ০৬ জুন ২০২৬, দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
কালের সমাজ/কে.পি

