ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুলিয়ারচরে পুকুরে ডুবে ৯ বছরের শিশু তানহার মৃত্যু

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি | জুন ৬, ২০২৬, ০৯:১৭ পিএম কুলিয়ারচরে পুকুরে ডুবে ৯ বছরের শিশু তানহার মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় পুকুরে ডুবে তানহা (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তানহা বেপারীপাড়া এলাকার বাসিন্দা ও রিকশাচালক আলী হোসেনের মেয়ে। শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বেপারীপাড়া এলাকার বাদাম মিলের সামনে অবস্থিত বাক্কার মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মামানির সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যায় তানহা। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। মা ও বড় বোনের কান্নায় পুরো বাড়ি ও আশপাশের এলাকা ভারী হয়ে ওঠে। যে শিশুটি কিছুক্ষণ আগেও হাসি-আনন্দে ছিল, তার নিথর দেহ দেখে প্রতিবেশীরাও বাকরুদ্ধ হয়ে পড়েন। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা আলী হোসেনের আহাজারিতে পুরো পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, যে পুকুরে তানহার মৃত্যু হয়েছে, একই স্থানে এর আগেও অন্তত চার শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি তাদের।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পুকুরটি ভরাট অথবা চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, “আর কোনো তানহাকে হারাতে চাই না।”

নিষ্পাপ তানহার অকাল মৃত্যু পুরো বেপারীপাড়া এলাকায় এক গভীর শূন্যতা তৈরি করেছে। স্বজনদের কান্না আর শোক যেন থামছেই না—এলাকাজুড়ে নেমে এসেছে এক ভারী নীরবতা।

কালের সমাজ/কে.পি

Link copied!