ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে নওগাঁ সিভিল সার্জন কার্যালয় ও নওগাঁ সদর হাসপাতালের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় নওগাঁ সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ও নওগাঁ পৌরসভার প্রতিনিধি ডা. মুনির আলী আকন্দ, নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুজার গাফফার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রুহুল আমিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. মো. ইস্কেন্দার হোসেন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বকুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি নওগাঁ সদর হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তারা আরও বলেন, মশার কামড় থেকে সুরক্ষার জন্য দিনের বেলায়ও মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান, প্রয়োজনে মশা প্রতিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার এবং ঘরে মশা প্রবেশ রোধে দরজা-জানালায় নেট বা পর্দা ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এ সময় নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

