নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নির্মাণাধীন অনুষ্ঠানস্থলের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
এনসিপি সূত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর উপস্থিত থাকার কথা ছিল। এ উপলক্ষে আগের দিন থেকেই অনুষ্ঠানস্থলে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ চলছিল।
অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যা প্রায় ৮টার দিকে একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে এসে মঞ্চ ও প্যান্ডেলের বিভিন্ন অংশ ভেঙে ফেলে। এতে আয়োজনের প্রস্তুতি ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। এনসিপির নেতাকর্মীদের দাবি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।
এনসিপির নেতারা বলেন, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আয়োজনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে। তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এই ঘটনা রাজনৈতিক সহনশীলতার অভাবেরই বহিঃপ্রকাশ। তবে এসব বাধা উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন তারা।এ বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন,ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আমার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।অন্যদিকে, ঘটনার বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন,মঞ্চ ভাঙচুর বা হামলার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এমন কোনো ঘটনার তথ্যও আমাদের কাছে নেই। রাজনৈতিক দলগুলো আইনগতভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে এবং তাদের নিরাপত্তার বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখে।ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্টদের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
কালের সমাজ/কে.পি

