রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে, তা অস্পষ্ট ও দায় এড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার যে চিত্র উঠে এসেছে, তার যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৭ মে ভোরে কয়েক ঘণ্টার ব্যবধানে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতকের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে স্বাস্থ্য অধিদফতর গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের অবহেলা, তদারকির ঘাটতি এবং চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার একাধিক প্রমাণ পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অপ্রতুল এবং তা নিয়মিতভাবে পরিচালনাও করা হয়নি। আরও উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সময়মতো জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি।
তদন্তে উল্লেখ করা হয়েছে, জন্মের পর নবজাতকরা স্বাভাবিক অবস্থায় ছিল এবং বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তারপরও হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর যথাযথ চিকিৎসা না পাওয়া এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগ আরও জোরালো হয়েছে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের মতে, এমন মর্মান্তিক ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।
কালের সমাজ/এএইচবি

