ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হরমুজ প্রণালি

পার হওয়ার অপেক্ষায় বাংলার জয়যাত্রা অনুমতি মিলবে কবে?

কালের সমাজ ডেস্ক | জুন ১৯, ২০২৬, ০৪:০৩ পিএম পার হওয়ার অপেক্ষায় বাংলার জয়যাত্রা অনুমতি মিলবে কবে?
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে অবস্থান করছে শারজাহ বন্দরের বর্হিনোঙরে। সেখান থেকে হরমুজ প্রণালির দূরত্ব ৮০ নটিক্যাল মাইল। হরমুজ প্রণালি পাড়ি দিতে অনুমতির অপেক্ষায় আছে জাহাজটি

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। সেখান থেকে হরমুজ প্রণালির দূরত্ব প্রায় ৮০ নটিক্যাল মাইল। জাহাজটি প্রণালি অতিক্রমের প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছে।

প্রায় সাড়ে তিন মাস ধরে পারস্য উপসাগরে অবস্থান করার পর জাহাজটি এখন হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছেছে। অনুমতি পাওয়া গেলে এটি প্রণালি অতিক্রম করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজটি প্রণালি পার হওয়ার জন্য অপেক্ষা করছে এবং এ জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও ইরানি নৌবাহিনীর অনুমোদন প্রয়োজন।

জাহাজের ৩১ জন বাংলাদেশি নাবিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’ যেখানে অবস্থান করছে, সেখান থেকে হরমুজ প্রণালিতে পৌঁছাতে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগতে পারে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো প্রণালি পুরোপুরি উন্মুক্ত করেনি এবং আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না।

সামুদ্রিক খাতের বিশেষজ্ঞদের মতে, জাহাজটি পার হওয়ার ক্ষেত্রে তিনটি বড় বিষয় গুরুত্বপূর্ণ—প্রণালির নিরাপত্তা নিশ্চিত হওয়া, প্রয়োজনীয় অনুমতি পাওয়া এবং দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ বিপুল সংখ্যক জাহাজের জট।

আল জাজিরার তথ্য অনুযাযী, হরমুজ প্রণালি পাড়ি দিতে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা প্রায় ৫৫০টি

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির সময় প্রণালিতে বিভিন্ন স্থানে মাইন পাতা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে নিরাপদ নৌপথ নিশ্চিত করতে মাইন অপসারণ ও নিরাপত্তা যাচাইয়ের কাজ শেষ হওয়া প্রয়োজন।

এছাড়া পারস্য উপসাগরে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শত শত জাহাজ রয়েছে। আন্তর্জাতিক নৌপরিবহন বিধি অনুসারে এসব জাহাজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও সময় লাগছে।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় বর্তমানে প্রায় ৫৫০টি জাহাজ রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক ও সচল হতে আরও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। তবে এর মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘ সময় সমুদ্রে অপেক্ষা করায় সবচেয়ে বেশি মানসিক চাপের মধ্যে রয়েছেন জাহাজের নাবিক ও ক্রুরা। ‘বাংলার জয়যাত্রা’সহ হরমুজ প্রণালির আশপাশে অবস্থানরত কয়েকটি জাহাজে প্রায় একশ বাংলাদেশি নাবিক রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন।

বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজে প্রায় ৩৭ হাজার ৫০০ মেট্রিক টন সার রয়েছে। হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেলেই জাহাজটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করবে।

কালের সমাজ/এএইচবি 

Link copied!