স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এইচএসসি-সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে কিছু মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাঁর দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে, তার পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনে অংশ নেওয়া সবার পরিচয় প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী হিসেবে নিশ্চিত নয়। অনেকেই নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রকৃত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও এমন আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল।
তিনি বলেন, তারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয় তাদের আবার পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে।
মন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছিল, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত পরিচালনা করবে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট।
এর পরেও যদি কেউ তার পরের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকে বা না করতে পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় সুযোগ দেয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাবেক প্রধানমন্ত্রীর বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। আর শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।
জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কালের সমাজ/এএইচবি

