মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুরের পর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এ বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও নীতিগত দিকনির্দেশনার বিষয়েও আলোচনা হতে পারে।
এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস ঘিরে মঙ্গলবার দুপুর থেকেই সচিবালয়ে প্রস্তুতি জোরদার করা হয়। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ভবনের বিভিন্ন অংশে সৌন্দর্য বর্ধনের কাজও চলে সন্ধ্যা পর্যন্ত।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করে দলটি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :