পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুই নারী সক্রিয় রয়েছে—এমন তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নাজিরপুর সেনাবাহিনীর ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ইয়ামিন (সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স)-এর নেতৃত্বে একটি আকস্মিক যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পেনাখালী বাজার সংলগ্ন এলাকা থেকে আনছার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৫৫) এবং একই এলাকার মো. কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০)-কে আটক করা হয়। পরবর্তীতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে মোট ২৯৬ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই নারীকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট ইয়ামিন বলেন,
মাদক সমাজ ও দেশের জন্য একটি ভয়াবহ হুমকি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

