ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সম্প্রীতির মুকসুদপুর গড়তে ধানের শীষে ভোট দিন: সেলিমুজ্জামান সেলিম

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৫৯ পিএম সম্প্রীতির মুকসুদপুর গড়তে ধানের শীষে ভোট দিন: সেলিমুজ্জামান সেলিম

সম্প্রীতি, গণতন্ত্র ও উন্নয়নমুখী মুকসুদপুর গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) রাতে মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে মহারাজপুর, মোচনা, বাটিকামারী, দিগনগর ও ভাবড়াশুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশে আজ বিভাজন ও বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের জন্য একটি সম্প্রীতিময়, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার, কর্মসংস্থান ও আইনের শাসন নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বাটিকামারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল ফকিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউল আলম পৃথীরাজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা আব্দুস ছালাম খান, সাবেক সভাপতি আব্দুল হান্নান মুন্সী, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান টুটুল, আব্দুল আজিজ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, কাতার প্রবাসী বিএনপি নেতা আনোয়ার হোসেন লিটু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান মোরাদ, বিএনপি নেতা তালুকদার নাজমুল ইসলাম, শাহ সিরাজদৌলা বাবু ফকির, সাংবাদিক আজম শরীফ, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলামসহ আরও অনেকে।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Side banner
Link copied!