ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:২৪ পিএম ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত  ১৭

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভাঙ্গা-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আরুয়ার মাঠ সংলগ্ন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল-ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাহাত খান (৪০), মুসা (৯) ও রায়হান (৩০)-কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এছাড়া অনিকা রানী দাস, মিহির চন্দ্র মালি, নাহিদা, রাজিব, আল মামুনসহ আরও ১৩ থেকে ১৪ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর নিজ নিজ গন্তব্যে চলে যান।

 

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner
Link copied!