ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নওগাঁ-৪ আসনে ভোটের সমীকরণ: বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বলছেন এলাকা বাসি

জেলা প্রতিনিধি, নওগাঁ | ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৫৯ পিএম নওগাঁ-৪ আসনে ভোটের সমীকরণ: বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বলছেন এলাকা বাসি

আর মাত্র ২ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নওগাঁ-৪ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। নির্বাচনকে ঘিরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে পুরো আসন।

১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটার নারী। এই আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রকে ঘিরে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. ইকরামুল বারী টিপু। তিনি এর আগে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। 
সাবেক মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করা এই নেতা নবীন ও প্রবীণ—উভয় শ্রেণির ভোটারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলেছেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দল সমর্থিত ঐক্যজোটের প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন জামায়াতের নওগাঁ জেলা শাখার আমীর। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি দিন-রাত ভোটারদের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।

উল্লেখ্য, অতীতে এই আসন থেকে বিএনপি তিনবার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের সমীকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় এলাকাবাসীরা

এছাড়াও নওগাঁ-৪ আসনে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি এবং একজন স্বতন্ত্র প্রার্থী।

Side banner
Link copied!