আমান গ্রুপের বিরুদ্ধে অবৈধ ড্রেজিং, ব্যবস্থা নিতে ইউএনও’র নির্দেশ
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে মেঘনা নদী থেকে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আমান গ্রুপের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রভাবশালী এক যুবদল নেতাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের আঁধারে এবং কখনও কখনও দিনের বেলাতেও অবৈধভাবে বালু কাটা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “বিষয়টি জানার পর আমি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে দ্রুত বালু কাটা বন্ধ করা যায়।”
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমান গ্রুপের কর্মকর্তা জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :