ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:১৯ পিএম মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি এখনো পরিবর্তনশীল। তিনি জানান, যুক্তরাষ্ট্র সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ আরোপের ঘোষণা দিতে পারে—এমন তথ্য শোনা গেলেও এ বিষয়ে এখনো কোনো লিখিত নথি বাংলাদেশ পায়নি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগে দেশভেদে সর্বোচ্চ ১৯ শতাংশ পর্যন্ত রিসিপ্রোকাল ট্যারিফ কার্যকর ছিল। বর্তমানে যে ১৫ শতাংশ শুল্কের কথা বলা হচ্ছে, তা সবার জন্য অভিন্ন হতে পারে। বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) ছিল। ফলে জাতীয় স্বার্থ বিবেচনায় এখনই এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।


তিনি আরও বলেন, চুক্তির সব ধারা বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে—এমনটি নয়। প্রতিটি বিষয় গুরুত্বসহকারে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি সাংবাদিকদের অতিরিক্ত মন্তব্যের জন্য চাপ না দেওয়ার আহ্বান জানান।


দেশের বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমদানি করা পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

লেবুর দাম বৃদ্ধির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কোনো সরবরাহ সংকট না থাকা সত্ত্বেও ৪০–৫০ টাকার লেবু হঠাৎ ১২০ টাকায় বিক্রি হয়েছে। তিন দিনের মধ্যেই আবার দাম কমে যাওয়ায় প্রমাণিত হয়েছে, এটি কৃত্রিম সংকট ছিল।


বাজারে চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই চাঁদাবাজি বন্ধ করা হবে।

এছাড়া টিসিবির পণ্য বিতরণের সময় হুড়োহুড়িতে দুই নারীর আহত হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ডিলারদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিতরণ ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনা হবে।


 

Side banner
Link copied!