ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৪, ২০২৬, ০৫:৫৩ পিএম ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের নীতিগত লক্ষ্য হলো— চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনেই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী এসব অব্যবহৃত স্থাপনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এনে চিকিৎসাসেবার কাজে ব্যবহারের নির্দেশ দেন।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নিচ্ছে। এ প্রেক্ষাপটে জনসংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা— যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ— বাস্তবায়ন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

 

Link copied!