ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে ইতিহাস গড়া কেপ ভার্দে কোচের বিদায়

স্পোর্টস ডেস্ক | আগস্ট ৫, ২০২৬, ০১:৪৫ পিএম বিশ্বকাপে ইতিহাস গড়া কেপ ভার্দে কোচের বিদায়

কেপ ভার্দেকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলিয়ে ইতিহাস গড়া প্রধান কোচ পেদ্রো ব্রিতো দায়িত্ব ছেড়েছেন। ফুটবল বিশ্বে বুবিস্তা নামে বেশি পরিচিত এই কোচ যাচ্ছেন মরক্কোর ক্লাব আরএস বারকানে। 

মঙ্গলবার এক বিবৃতিতে আরএস বারকানে জানায়, বুবিস্তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে। তিউনিসিয়ার জাতীয় দলের দায়িত্ব নেওয়া মইনে শাবানির স্থলাভিষিক্ত হয়েছেন বুবিস্তা।  

কেপ ভার্দে ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বুবিস্তার নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জাতীয় দলের প্রতি অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে।

২০২৬ বিশ্বকাপে অভিষেকেই সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত নৈপুণ্যে সেই ম্যাচে স্পেনকে রুখে দেয় আফ্রিকার দলটি।

এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও ড্র করে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে কেপ ভার্দে। শেষ-৩২ পর্বে তাদের প্রতিপক্ষ হয় আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেই ম্যাচে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেলেও নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ম্যাচে কেপ ভার্দের সিডনি লোপেস কাবরালের করা গোলটি পুরো টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।

এদিকে বুবিস্তার নতুন ঠিকানা আরএস বারকানে ২০২৫ সালে আফ্রিকান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা সিএএফ কনফেডারেশন কাপ জিতেছিল। মরক্কোর প্রভাবশালী ফুটবল কর্মকর্তা ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগী ফাউজি লেকজার নিজ শহরের ক্লাবও এটি।

কালের সমাজ/এসআর

Link copied!