ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দিলো বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি,শরীয়তপুর | আগস্ট ৫, ২০২৬, ০৩:৫৩ পিএম জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দিলো বিএনপি নেতাকর্মীরা

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন বিএনপির নেতা-কর্মী তাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলা ও মারধরের প্রতিবাদে শরীয়তপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি নেতা-কর্মীরা।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এসময় দুজন আহত হয়েছেন। আহত জাকির হোসেন মিন্টুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর দিকে কয়েকজন জুলাই যোদ্ধা অডিটোরিয়ামে প্রবেশের পর হঠাৎ করে তাদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গেজেটেড জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে।TV & Video

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে জাকির হোসেন মিন্টু ও ইমরান আল নাজিরসহ কয়েকজনকে ধাক্কাধাক্কি ও মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে দেখা যায়। আরেকটি ভিডিওতে অনুষ্ঠানস্থলের বাইরে জুলাই যোদ্ধা জাকির হোসেন আদরকে চড়-থাপ্পড় দেয়ার দৃশ্য দেখা যায়। ঘটনার পর আহত জুলাই যোদ্ধা, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন।

আহত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুর অভিযোগ, অনুষ্ঠানে যাওয়ার পর বিএনপি নেতা-কর্মীরা হঠাৎ হাঙ্গামা শুরু করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর তদন্তের মাধ্যমে তিনি গেজেটেড জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। অনুষ্ঠানে তাকে ও আরও কয়েকজনকে মারধর করে বের করে দেয়া হয়েছে।

জাকির হোসেন মিন্টুর অভিযোগ, অন্যরা তাকে রক্ষা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনার বিষয়ে সরকারের পদক্ষেপও দেখতে চান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের উপস্থিতিতেই বিএনপির লোকজন তাদের মারধর করেছেন। এসময় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার বিচার দাবি করেন এই ছাত্রনেতা।

তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও বড় অবদান রয়েছে। তার দাবি, ইমরান আল নাজিরসহ এনসিপির নেতা-কর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক লেখালেখি করেন।

মাহবুব মোর্শেদ টিপুর ভাষ্য, অনুষ্ঠানে এসেও তারা এ ধরনের কটূক্তিমূলক কথা বলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সময় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে যে অভিযোগটি এসেছে, তা জেনে পরে জানাতে পারবেন। তার দাবি, ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে হয়ে থাকতে পারে, আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হওয়ার পর এমন ঘটনা ঘটেনি।

কালের সমাজ/এসআর

Link copied!