ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

টানা তিন বিশ্বকাপ খেলতে না পারা ইতালির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন মানচিনি

স্পোর্টস ডেস্ক | সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৪৯ পিএম টানা তিন বিশ্বকাপ খেলতে না পারা ইতালির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন মানচিনি

বিশ্বকাপে টানা তৃতীয়বার জায়গা করে নিতে না পারার হতাশা পেছনে ফেলে নতুনভাবে পথচলা শুরু করতে চায় ইতালি। দায়িত্বে ফিরে প্রথম ম্যাচের আগেই দল পুনর্গঠনের আভাস দিয়েছেন কোচ রবার্তো মানচিনি। তার দলে জায়গা পেয়েছেন নয়জন নতুন মুখ। অতীতের ব্যর্থতা ভুলে তরুণদের নিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালি দলের সঙ্গে যোগ দিয়ে মাতেম্বর)জানিয়েছেন, দ্রুত উন্নতি চান তিনি। সামনে উয়েফা নেশনস লিগে বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ। এই ব্যস্ত সূচির আগে দলে বড় পরিবর্তনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

অভিজ্ঞ খেলোয়াড়দের কয়েকজনকে বাইরে রেখে নয়জনকে প্রথমবার জাতীয় দলে ডাক দিয়েছেন মানচিনি। তিনি মনে করেন, শুধু পরিচিত মুখ নিয়েই পড়ে থাকলে ভবিষ্যতের দল গড়া কঠিন।

মানচিনি বলেন, ‘সব অভিজ্ঞ খেলোয়াড়কে ডাকলে তোমরা বলতে, সেই একই খেলোয়াড়রা বারবার। ভবিষ্যতে শক্তিশালী একটি দল গড়তে তরুণদের চেনার এখনই সঠিক সময়। স্বাভাবিকের চেয়ে বেশি খেলোয়াড়ের প্রয়োজন ছিল আমাদের, কারণ চারটি ম্যাচ সামনে রয়েছে এবং আমরা তাদের মাঠে দেখতে চাই।’

নতুনদের মূল্যায়নে বেশি সময় নেয়ার সুযোগও দেখছেন না ইতালির কোচ। তিনি বলেন, ‘কত সময় লাগবে তা আমরা জানি না, তবে আমাদের হাতে থাকা খেলোয়াড়দের দ্রুত বুঝতে হবে এবং ভবিষ্যতে তারা কী দিতে পারে তা নির্ধারণ করতে হবে।’

ইতালির সাম্প্রতিক ব্যর্থতার কারণে সমর্থকদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সেটিও অস্বীকার করেননি মানচিনি। বিশেষ করে টানা তৃতীয় বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর ক্ষোভ থাকাটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি। তবে অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান তার।

মানচিনি বলেন, ‘অতীত এখন আর গুরুত্বপূর্ণ নয়। কোনো সমর্থক যদি প্রতারিত বোধ করেন, তার ক্ষুব্ধ হওয়ার অধিকার আছে, আর সেটা মেনে নিতে হবে আমাদের। আমাদের কাজ ভালোভাবে করতে হবে এবং জাতীয় দলকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে’।

ইতালির ফুটবল ফেডারেশনে অস্থির এক সময়ের পর আবার জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন মানচিনি। জেনারো গাত্তুসোর বিদায়ের পর দায়িত্ব তার হাতে আসে। এর আগে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার উদ্যোগ নেয়া হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি।

কালের সমাজ/এসআর

Link copied!