জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং কনসাল জেনারেল মোজাম্মেল হক।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচির আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় ‘স্বাগত হে তারেক রহমান’ ও ‘নিউইয়র্কে তারেক রহমান, স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।
স্বাগত কর্মসূচির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। এ সময় জাতিসংঘের অধিবেশন ছাড়াও বিভিন্ন কূটনৈতিক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন মাননীয় প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।
কালের সমাজ/এসআর

