ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

চান্দিনায় ভাঙা সড়ক পরিদর্শনে গিয়ে জনতার প্রশ্নের মুখে এমপি-প্রকল্প কর্মকর্তারা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি | সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:২৬ পিএম চান্দিনায় ভাঙা সড়ক পরিদর্শনে গিয়ে জনতার প্রশ্নের মুখে এমপি-প্রকল্প কর্মকর্তারা

কুমিল্লার চান্দিনা-শ্রীমন্তপুর সড়ক এবং কাঠেরপুল-পালকি সিনেমা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও ভাঙা অংশ পরিদর্শন করেছেন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর কর্মকর্তারা। পরিদর্শনকালে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। এসময় সড়কগুলোতে দীর্ঘদিনের জনদুর্ভোগ ও কবে নাগাদ সংস্কার বা পুনর্নিমাণ করা হবে তা নিয়ে স্থানীয় জনতার বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হন তারা।  

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আরইউটিডিপির আওতাধীন প্রকল্পের প্রস্তাবিত সাব-প্রজেক্টের চলমান কাজ পরিদর্শনের অংশ হিসেবে তারা এসব সড়ক ঘুরে দেখেন কর্মকর্তারা।

সড়কের বিভিন্ন ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে দেখিয়ে সড়কগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য। পরিদর্শনকালে আরইউটিডিপির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানি এবং উপ-প্রকল্প পরিচালক ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কের অবস্থা দেখেন। এ সময় প্রস্তাবিত উন্নয়ন ও সংস্কারকাজের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

জনতার প্রশ্নের উত্তরে প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানি বলেন, “চান্দিনার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বর্তমান অবস্থা আমরা সরেজমিনে দেখেছি। যেসব স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রকল্পের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। কাজের ক্ষেত্রে সড়কের স্থায়িত্ব ও গুণগতমান নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।”

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, “বিগত সময়ে চান্দিনা পৌরসভার সড়কগুলোর কোনো কাজই পরিকল্পিতভাবে করা হয়নি। যার কারণে বর্তমানে জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। আমরা এখন পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিচ্ছি। পৌরসভা ও উপজেলার সাধারণ মানুষের কাছে আমি কিছুটা সময় চাই। ধীরে ধীরে সব সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ করা হবে।”

তিনি আরও বলেন, “মাধাইয়া-নবাবপুর এবং মোকামবাড়ী-আওরাল সড়কের উন্নয়নকাজ একজন ঠিকাদার করছেন। কাজের গতি প্রত্যাশিত নয়, ধীরগতিতে এগোচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনা হয়েছে। আমরা চাই কাজের গতি বাড়িয়ে দ্রুত মানুষের দুর্ভোগ কমানো হোক।

পরিদর্শনকালে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক, আরইউটিডিপির প্রকল্প টিম লিডার নিয়াজ আহমেদ, সিনিয়র ডিজাইনার (এসএমই) ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তা মোশতাক আহমেদ তালুকদার, চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী পৌর প্রকৌশলী (আরইউটিডিপি) মো. আবু ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এসআর

Link copied!