পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় প্রাণ গেল আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন। পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন।
পরে বাসটি তাকে বেশ কিছুদূর পর্যন্ত টেনে-হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ/এসআর

