ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আবারও ঝলক দেখাতে প্রস্তুত ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৫১ পিএম আবারও ঝলক দেখাতে প্রস্তুত ঐশ্বরিয়া

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও ঝলক দেখাতে প্রস্তুত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে বহুল আলোচিত ‘লে দেফিলে’ অনুষ্ঠানের নবম আসরে র‍্যাম্পে হাঁটবেন তিনি। 

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, আইফেল টাওয়ারের ঠিক সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে এই তারকাখচিত আয়োজন। এবারের অনুষ্ঠানের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’ যেখানে নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেয়া হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ঐশ্বরিয়ার র‍্যাম্পে ফেরা। লরিয়াল প্যারিসের দীর্ঘদিনের দূত হিসেবে এবারও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের মতে, ঐশ্বরিয়ার এই প্রত্যাবর্তন শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক। নারীরা নিজেদের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করতে পারেন এই বার্তাই তুলে ধরবে তার অংশগ্রহণ।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ এরই মধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন জগতের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও থাকছে আন্তর্জাতিক তারকাদের বড় সমাবেশ। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।

Aishwarya Rai And Aaradhya Bachchan Steal The Show At Cannes In Blush Pink  And Ruby Red - Outlook Luxe

শুধু র‍্যাম্পে হাঁটাই নয়, এবারের আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে লরিয়াল প্যারিসের নতুন সৌন্দর্যপণ্যও। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এই সংগ্রহে থাকবে ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স লিকুইড লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ। এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রং।

ভারতীয় ক্রেতাদের কাছে প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে কাজ করছে। এ ছাড়া আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে প্রথমবারের মতো বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালার আয়োজন করবে প্রতিষ্ঠানটি। সেখানে ‘লে দেফিলে’ আয়োজনের পেছনের সাজসজ্জা ও সৌন্দর্যচর্চার নানা দিক তুলে ধরা হবে।

কালের সমাজ/এসআর

Link copied!