খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লবণচরা রায়পাড়া থেকে বাইপাস সড়ক পর্যন্ত চলমান রাস্তা ও নির্মাণাধীন ড্রেনেজ ব্যবস্থার কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাইপাস সড়ক থেকে রায়পাড়া পর্যন্ত এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এসময়ের এলাকাবাসী ড্রেনেজ নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, স্থানীয় কিছু ব্যক্তি রাস্তা ও ড্রেনের জায়গা দখল করে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার জন্য প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়া এলাকাবাসী রায়পাড়া রাস্তা থেকে মুক্তার হোসেন বাই লেনসমূহে যাতায়াতের সুবিধার্থে পাঁচটি কালভার্ট নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের পক্ষ থেকে আরও জানানো হয়, দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা, পুঠিমারী ও রায়পাড়া এলাকায় দ্রুত জনবসতি বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলের মানুষ প্রতিদিন বাইপাস সড়ক অতিক্রম করে টুটপাড়া মহিরবাড়ি খালপাড় হয়ে কবরস্থানসহ নগরীর বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে বাইপাস সড়ক অতিক্রম করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং প্রতিবছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এ কারণে এলাকাবাসী রায়পাড়া থেকে মহিরবাড়ি খালপাড় পর্যন্ত নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাইপাস সড়কের নিচ দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাইপাস বা আন্ডারপাস নির্মাণের দাবি জানান। তাদের মতে, এতে রায়পাড়া থেকে টুটপাড়া কবরস্থান পর্যন্ত যাতায়াত সহজ ও নিরাপদ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/ কে.পি

