বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য বিয়ে করেছেন।
ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে জমকালো এক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে এ অভিনেত্রী ও সংগীতশিল্পীর। সঞ্জীতার স্বামী আমেদাবাদের সংগীত পরিচালক রাগ শেঠি।
সোমবার (২৩ মার্চ) সাতপাকে বাঁধা পড়েছেন তারা। মেহেদি, সংগীত, গায়ে হলুদ-সহ সব অনুষ্ঠানে ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকা এবং বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সানিয়া মালহোত্রা থেকে শুরু করে পুরো টিমকেই দেখা গেছে ভিডিওতে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জীতা তার বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন। লাল রঙের বেনারসি শাড়ি এবং অফ-শোল্ডার ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। কপালে ছিল চন্দনের কারুকাজ, মাথায় শোলার মুকুট।

এর আগে গত বছর ১০ আগস্ট রাগের সঙ্গে বাগদান হয় সঞ্জীতার। তখন বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হবু স্বামীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
জানা গেছে, রাগের সঙ্গে কাজের মাধ্যমে পরিচয় অভিনেত্রীর। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক হয়। তারপর গত বছর উদয়পুরে তাকে বিয়ের প্রস্তাব দেন রাগ।
২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ শাহরুখ খানের সাহসী নারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন সঞ্জীতা। এতে হেলেনার চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। সবশেষ নেটফ্লিক্সের ‘অ্যাকিউজড’-এ কঙ্গনা সেনশর্মা এবং প্রতিভা রান্তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ দক্ষ সঞ্জীতা।
কালের সমাজ/এসআর

