ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

লক্ষ্মীপুরে দু‍‍`গ্রুপের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধসহ আহত ২

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | মার্চ ২৫, ২০২৬, ০২:২১ পিএম লক্ষ্মীপুরে দু‍‍`গ্রুপের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধসহ আহত ২

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম মানিক নামে একজনকে পিটিয়ে আহত করা হয়।  

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে  ঘটনাটি ঘটে৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) ঝামেলা হয়। এর জের ধরেই মঙ্গলবার ঘটনার সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, আধিপত্য বিস্তার ও একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/এসআর

Link copied!