প্রথমবারের মতো সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা হানড্রেড লিগ (BHL)। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
লিগ শুরুর আগে গতকাল সিডনির ঐতিহাসিক অপেরা হাউস প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও অফিসিয়াল জার্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, সহ আরও সম্মানিত অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা হানড্রেড লিগের ডিরেক্টর আতিকুর রহমান সজীব, BHL-এর লিগ কমিশনার তানবীর হাসান, এবং আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অংশ নেন ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের ওনার, অধিনায়ক ও খেলোয়াড়রা, যা এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল—
ঢাকা পাওয়ার ব্লেজার্স, চিটাগং কিংস, কুমিল্লা সুপার স্টারস, ময়মনসিংহ জায়ান্টস, রংপুর রাইডার্স এবং খুলনা ফাইটার্স।
প্রতিটি দলে রয়েছে ১৫ জন করে খেলোয়াড়, অর্থাৎ মোট ৯০ জন ক্রিকেটার এবারের লিগে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। প্রতিটি দলের ওনাররা নিজেদের কৌশল অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করে দল গঠন করেন, যা লিগটিকে একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি কাঠামো প্রদান করেছে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বাড়াবে এবং ভবিষ্যতে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালের সমাজ/কে.পি

