ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি

স্পোর্টস ডেস্ক | এপ্রিল ১৫, ২০২৬, ০১:১১ পিএম লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি

বর্তমান চ্যাম্পিয়নদের মতোই দাপট দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করলো লুইস এনরিকের শিষ্যরা।

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে ছিল পিএসজি। তবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় হাফের শুরুর দিকে স্বাগতিকরা বেশ চাপ সৃষ্টি করেছিল।

সেই চাপ সামলে ম্যাচের চিত্র বদলে দেন উসমান দেম্বেলে। বিরতির পর তার জোড়া গোল পিএসজির জয় নিশ্চিত করার পাশাপাশি দলের মানসিক দৃঢ়তার প্রমাণ দেয়।

ম্যাচ শেষে লুইস এনরিকে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখা ফুটবলের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আমরা আবারও এখানে (সেমিফাইনাল) পৌঁছাতে পেরেছি এবং আমাদের সামনে আসা সুযোগগুলো কাজে লাগাতে হবে।

পিএসজি বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কোনো বাড়তি সুবিধা পায় কি না, এমন প্রশ্নের জবাবে এনরিকে দলের অভ্যন্তরীণ বিশ্বাসের ওপর জোর দেন।

তিনি বলেন, সেটা বলা কঠিন। তবে আমার দল যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে এই উচ্চমানের ফুটবল খেলতে পারে, এটাই আমার জন্য বড় আনন্দের। আমাদের দলে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে এবং সমর্থকরাও সেই বিশ্বাস আমাদের ওপর রাখে।

লিভারপুলের হার নিয়ে এনরিকে বিশ্লেষণ করেন যে, প্রথম লেগে পিছিয়ে থাকায় লিভারপুলকে ঝুঁকি নিয়ে খেলতে হয়েছে।

তিনি বলেন, ওরা যখন ঝুঁকি নিচ্ছিল, তখন আমাদের সামনে কাউন্টার অ্যাটাক করার সুযোগ তৈরি হয়েছিল। যদিও প্রথম গোলটি পেতে আমাদের কিছুটা দেরি হয়েছে, কিন্তু গোল পাওয়ার পর আমরা ম্যাচটি দারুণভাবে নিয়ন্ত্রণ করেছি।

সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের। বুধবার রাতে এই দুই দলের লড়াইয়েই নির্ধারিত হবে পিএসজির প্রতিপক্ষ।

পছন্দের কোনো প্রতিপক্ষ আছে কি না জানতে চাইলে রসিকতা করে এনরিকে বলেন, আমি যদি একজনের নাম বলি, তবে দেখা যাবে খেলা পড়েছে অন্য দলের সঙ্গে। আমি হাতে এক গ্লাস পানীয় নিয়ে রিয়াল-বায়ার্ন ম্যাচটি দেখব। প্রতিপক্ষ যেই হোক, আমরা সেমিফাইনালে যাওয়ার যোগ্য এবং সমর্থকদের নিয়ে আমরা এই সুযোগ উপভোগ করতে চাই।

কালের সমাজ/এসআর

Link copied!