যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকার মধ্যেই চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে দুই দেশের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হতে পারে। খবর ফক্স নিউজের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব উপাদানই বর্তমানে বিদ্যমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তৈরি হওয়া অস্থিরতা নিরসনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বলবৎ রয়েছে। তবে উভয় পক্ষের নেতারাই একটি বৃহত্তর এবং স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আলোচনা সহজতর করার প্রচেষ্টায় তার দেশের নেতৃত্ব হাল ছাড়ছে না।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে আওরঙ্গজেব বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সরাসরি আলোচনা হয়নি। এই অচলাবস্থা নিরসনে পাকিস্তানের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আমরা এই আলোচনা চালিয়ে যেতে পারি কি না, তা দেখতে খুবই আগ্রহী। আমরা চেষ্টা চালিয়ে যাবো এবং আমাদের নেতৃত্বও এতে নিবিড়ভাবে নিয়োজিত আছে।
এর আগে গত শনিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা সেই দীর্ঘ আলোচনায় দুই পক্ষ কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে পাকিস্তান এই ব্যর্থতায় পিছু হটতে নারাজ।
কালের সমাজ/এসআর

