চাঁদপুর চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়। জেলা টাস্কফোর্সের এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর ফারুক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬জন অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরে। এ অপরাধে তাদের আটক করা হয়। এ সময় ৪টি ইঞ্জিন চালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
অভিযানে চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলামসহ তার টিম ও নৌপুলিশ টিম উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে দুইজনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, তিনজনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, তিনজনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

