ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ১, ২০২৬, ১০:১৪ পিএম নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী মধ্যবাজারে বাদশা তালুকদার নান্টুর গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজস্ব গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছেন।
অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত।
জব্দকৃত ৪০১৮ লিটার ডিজেল সরকারি মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের শর্তে নেছারাবাদ উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স সুফিয়া 

এন্টারপ্রাইজের প্রোপাইটর মাহমুদুল হাসানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ তেল বিক্রি থেকে প্রাপ্ত মোট ৪ লাখ ১ হাজার ৮০০ টাকা আগামীকাল ব্যাংকিং সময়ের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, “জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

কালের সমাজ/ কে.পি

Link copied!