ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতা মূলক সভা

জেলা প্রতিনিধি, নওগাঁ | এপ্রিল ৮, ২০২৬, ০৬:৩১ পিএম নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতা মূলক সভা

নওগাঁর বদলগাছী উপজেলার  কোলা ইউনিয়নে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল ভবিষ্যৎ গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার সকাল ১১টায় বদলগাছির কোলা ডিগ্রি কলেজে সচেতনতামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উচ্চ মাধ্যমিক ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন পুলিশ সুপার। তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, তার পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।


বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।

সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেকেই সাইবার অপরাধের শিকার হচ্ছে। ব্যক্তিগত তথ্য, ছবি বা গুরুত্বপূর্ণ ডাটা শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি সাইবার নিরাপত্তা সম্পর্কে মৌলিক ধারণা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার সেগুলোর উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। সচেতনতামূলক এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মতবিনিময় সভায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানের সঞ্চালনায় ও কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

কালের সমাজ/কে.পি

Link copied!