ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে কাউতুলী-ঘাটুরা সড়ক প্রশস্তকরণের উদ্যোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫২ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে কাউতুলী-ঘাটুরা সড়ক প্রশস্তকরণের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যানজট নিরসনে কাউতুলী থেকে ঘাটুরা পর্যন্ত সড়ক প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

জানা যায়, সদর ও বিজয়নগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় শহরবাসীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যেই কাউতুলী থেকে ঘাটুরা (পুরাতন সিলেট রোড) পর্যন্ত সড়ক প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল কাদির, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

তিনি আরও জানান, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার সার্ভেয়ারদের সমন্বয়ে ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে মাপজোক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিকল্পনা প্রণয়ন শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কটি প্রশস্ত করা হলে ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!