পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ছোট জুজখোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে দোকানগুলো পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন— মো. চান মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চান মিয়া খান। তাদের প্রত্যেকের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি জহিরুল হক।
পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়। পরে বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসক আবু সাঈদ ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে নগদ ২০ হাজার টাকার চেক, ২ বান টিন ও শুকনো খাবার বিতরণ করেন।
কালের সমাজ/ কে.পি

