ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নবীনগরের আলোচিত ভাই হত্যা মামলার আসামি নরসিংদীতে আটক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | মে ৮, ২০২৬, ০৯:৪২ পিএম নবীনগরের আলোচিত ভাই হত্যা মামলার আসামি নরসিংদীতে আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলকাছ মিয়াকে (৫৫) নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বুধবার (৭ মে) বিকেলে নরসিংদী সদর মডেল থানার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলকাছ মিয়া নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

র‍্যাব জানায়, নিহত ইসমাইল মিয়া ও তার ভাই আলকাছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে আলকাছ মিয়া শালিস না মেনে ক্ষতির সুযোগ খুঁজছিল বলে অভিযোগ রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আলকাছ মিয়াসহ কয়েকজন ইসমাইল মিয়ার বাড়িতে প্রবেশ করে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে নিহতের ছেলেকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইল মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি আলকাছ মিয়াকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!